পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগই নয়, পরিবেশ সংরক্ষণে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আমাদের দৈনন্দিন অসচেতনতার কারণে বিভিন্ন স্থানে আবর্জনা জমে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই প্রত্যেকে যদি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন, তাহলে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজেদের বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। ছোট ছোট ইতিবাচক উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টাই দেশের পরিবেশে বড় পরিবর্তন আনতে পারে।
প্রধানমন্ত্রীর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।