রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই দেশের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৯ জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ জন প্রাণ হারিয়েছেন।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে সম্প্রতি উভয় পক্ষই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলসহ বিভিন্ন এলাকায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি বাড়ছে।
রোববার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
এ ছাড়া রোস্তভ অঞ্চলে পৃথক ড্রোন হামলায় আরও দুইজন এবং যুদ্ধক্ষেত্র থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের উদমুর্তিয়া অঞ্চলে একটি গাড়িতে ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, রাশিয়ার হামলায় ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলে মোট পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া খারকিভ এলাকায় একটি ডাক পরিবহন টার্মিনাল ধ্বংস হয়ে যায় এবং এতে একজন ডাককর্মীর মৃত্যু হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। এসব হামলা প্রতিরোধ করা কঠিন হওয়ায় বেসামরিক হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
এদিকে রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউক্রেনও জ্বালানি স্থাপনা, গুদাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। যদিও উভয় দেশই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চললেও এখন পর্যন্ত তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।