প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক বছরে ন্যাশনাল লাইফের জীবন বিমা তহবিল বাড়ল ৯০৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি ২০২৬ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত এক বছরে কোম্পানিটির জীবন বিমা তহবিল (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) প্রায় ৯০৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি তাদের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিস্তারিত সারসংক্ষেপ প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ন্যাশনাল লাইফের সমন্বিত জীবন বিমা তহবিলের মোট স্থিতি দাঁড়িয়েছে ৭ হাজার ১০২ কোটি ৬ লাখ টাকা। ২০২৫ সালের একই সময় শেষে এই তহবিলের পরিমাণ ছিল ৬ হাজার ১৯৮ কোটি ১২ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বিমা তহবিল বেড়েছে ৯০৩ কোটি ৯৪ লাখ টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানির মোট আয় থেকে যাবতীয় পরিচালনা ব্যয় ও বিমা দাবি (ক্লেইম) পরিশোধের পর উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ২০৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ১৬৯ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ প্রান্তিকভিত্তিতে কোম্পানির নিট উদ্বৃত্ত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

তবে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মোট আয় থেকে ব্যয় ও বিমা দাবি পরিশোধের পর সমন্বিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৮৩ কোটি ৭৬ লাখ টাকা, যা ২০২৫ সালের প্রথম ছয় মাসে ছিল ২০১ কোটি ৯২ লাখ টাকা।

নগদ প্রবাহের দিক থেকেও ইতিবাচক অগ্রগতি ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ টাকা ১৯ পয়সা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা