প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বদলে যাচ্ছে বিমান ও পর্যটন খাত, ডিসেম্বরের মধ্যেই বড় চমক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬

দেশের এভিয়েশন খাতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ, নতুন উড়োজাহাজ সংগ্রহ, আন্তর্জাতিক রুট বাড়ানো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু এবং যাত্রীসেবার মান উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। সরকারের আশা, আগামী ডিসেম্বরে থার্ড টার্মিনাল চালুর মধ্য দিয়ে দেশের বিমান পরিবহন খাতে শুরু হবে এক নতুন অধ্যায়।

একই সঙ্গে পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেও জোর দেওয়া হচ্ছে। বিদেশি পর্যটক আকর্ষণে বাড়ানো হচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডিং। সহজ করা হচ্ছে ভিসা কার্যক্রম। চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ই-ভিসা, মেডিক্যাল (এমটি) ভিসা ও রিলিজিয়াস ট্যুরিস্ট (আরটি) ভিসা। পাশাপাশি কক্সবাজারসহ সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোর উন্নয়ন এবং জাতীয় পর্যটন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

এভিয়েশন ও পর্যটন খাত নিয়ে সরকারের পরিকল্পনা, চলমান সংস্কার কার্যক্রম, থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, বহর আধুনিকায়ন এবং সেবার মান উন্নয়নে একযোগে কাজ চলছে। সরকারের পরিকল্পনায় ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার রোডম্যাপ রয়েছে। পাশাপাশি প্রতিটি নতুন রুটের বাণিজ্যিক সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর লক্ষ্য স্পষ্ট— বাংলাদেশের পতাকা আরও বেশি আন্তর্জাতিক আকাশে উড়বে, আরও বেশি আস্থা নিয়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জাতীয় ফ্ল্যাগ ক্যারিয়ার। এটি শুধু একটি এয়ারলাইন্স নয়, দেশের মর্যাদা ও আস্থার প্রতীক। দীর্ঘদিন দলীয়করণ, দুর্নীতি ও অস্বচ্ছতায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, তবে এরই মধ্যে সংস্কারের শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।

আমাদের রোডম্যাপ তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত— গভর্ন্যান্স, বিজনেস স্ট্র্যাটেজি এবং সার্ভিস ট্রান্সফরমেশন। গভর্ন্যান্সে যোগ্যতার ভিত্তিতে পদায়ন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। বিজনেস স্ট্র্যাটেজিতে নতুন সম্ভাবনাময় রুট চালু, বিদ্যমান রুটের বাণিজ্যিক পুনর্মূল্যায়ন এবং লাভজনক রুট আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সার্ভিস ট্রান্সফরমেশনে ডিজিটাল সেবা, সময়ানুবর্তিতা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আমাদের লক্ষ্য শুধু একটি এয়ারলাইন্স পরিচালনা নয়, বরং বাংলাদেশের মর্যাদার উপযুক্ত একটি আধুনিক, প্রতিযোগিতামূলক ও লাভজনক জাতীয় ফ্ল্যাগ ক্যারিয়ার গড়ে তোলা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা