প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সন্দ্বীপে কেউ অনাহারে থাকবে না, খাদ্যসংকটের তথ্য চেয়েছেন ইউএনও আমজাদ হোসেন

নাজমুল হোসাইন
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায় বা অনাহারে দিন না কাটায়, সে লক্ষ্যে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমজাদ হোসেন। উপজেলার কোথাও কোনো ব্যক্তি বা পরিবার খাদ্যসংকটে থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

এক বার্তায় ইউএনও মোঃ আমজাদ হোসেন বলেন, আমি চাই না, আমার উপজেলায় একজন মানুষও খাবারের অভাবে না খেয়ে থাকুক। যদি কোথাও এমন কোনো ব্যক্তি বা পরিবার থেকে থাকে, তাহলে দ্রুত আমাদের জানান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের কোনো অসহায়, দুস্থ, কর্মহীন বা খাদ্যসংকটে থাকা ব্যক্তি কিংবা পরিবার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে। প্রকৃত অসহায় মানুষ অনেক সময় লজ্জা বা সংকোচের কারণে সাহায্য চাইতে পারেন না উল্লেখ করে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের আশপাশের মানুষের খোঁজখবর নেওয়ার অনুরোধ জানান। প্রশাসনের কাছে তথ্য পৌঁছালে যাচাই-বাছাই শেষে দ্রুত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে খাদ্যসংকটের তথ্য দ্রুত আদান-প্রদানের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা পরিবার খাদ্যের অভাবে কষ্টে থাকলে কিংবা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে নিম্নোক্ত নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলাম: ০১৭২৯-৭৭১৩৩১ অথবা কার্য সহকারী (পিআইও কার্যালয়) মোঃ আরিফুর রহমান: ০১৮৭১-৭৪১৪৩৬ কে কল দিযে তথ্য দেয়া যাবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, প্রশাসন ও জনসাধারণের এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সন্দ্বীপের প্রকৃত অসহায় ও খাদ্যসংকটে থাকা পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তার আওতায় আসবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা