একদিকে জাতীয় সংসদে বসে আইন প্রণয়ন, আর অন্যদিকে প্রকাশ্য দিবালোকে সেই আইনের চরম লঙ্ঘন—এমন বৈপরীত্যের তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য (এমপি) মাহবুবা হাকীম। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ভয়াবহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সশস্ত্র মাদক সাম্রাজ্য এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে জাতীয় সংসদে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ মহান জাতীয় সংসদে দেওয়া এক আবেগঘন ও জোরালো ভাষণে মাহবুবা হাকীম বলেন, একদিকে আমরা সংসদে বসে টেবিল চাপড়ে আইন প্রণয়ন করি, অন্যদিকে প্রকাশ্যে আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য কি করে গ্রহণযোগ্য হতে পারে?
সংসদে দেওয়া বক্তব্যে তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বর্তমান চিত্রকে একটি সভ্য দেশের জন্য চরম উদ্বেগজনক বলে অভিহিত করেন। সংবাদমাধ্যমের তথ্য উল্লেখ করে তিনি জানান, জেনেভা ক্যাম্পে কার্যত এখন আর কোনো আইনের শাসন নেই। সেখানে প্রায় ১৩টি সশস্ত্র মাদক চক্রের দৌরাত্ম্য চলছে এবং ক্যাম্পের সরু অন্ধকার গলিগুলো যেন এখন একেকটি মাদকের হাটে পরিণত হয়েছে।
এমপি মাহবুবা হাকীম আরও বলেন, সেখানে শিশু, কিশোর ও নারীদের ব্যবহার করে বছরে প্রায় ৩৬০ কোটি টাকার জমজমাট মাদকের ব্যবসা চালানো হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের গাড়ি চলে যাওয়ার পরপরই সেখানে দিবালোকে প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রির হাঁকডাক শুরু হয়ে যায়।
জেনেভা ক্যাম্পের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সাম্প্রতিক সংবাদপত্রের প্রতিবেদন খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, মাদক চোরাচালানের ব্যবসাকে কেন্দ্র করে মাত্র তিন দিনের ব্যবধানে সেখানে পরপর দুটি খুনের ঘটনা ঘটেছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি জানতে চান, এই জেনেভা ক্যাম্পের প্রতি আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কী ধরনের নজরদারি আসলে আছে?
সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের মানুষের নিরাপত্তা”—এই নীতি পুনর্ব্যক্ত করে মাহবুবা হাকীম ক্যাম্পের অভ্যন্তরে অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক ব্যবসা বন্ধ এবং দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।