বারে বারে কেন ফিরে আসে এই দেশে –
জুলাই-আগস্টের মত উত্তাল মাস?
স্বাধীনতার এতোটা বছর পেরিয়ে যাবার পরেও,
কেন আজো নিশ্চিত হলো না জনতার অধিকার!
ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে,
বারে বারে কেন প্রাণ হারাতে হয়- ছাত্র,তরুণ,যুবা,শ্রমিকদের?
আর কত মা’য়ের বুকের ধন হারালে,
মুক্তির স্বাদ পাবে এই দেশের জনগণ!
কেউ কি গভীর ভাবে তা ভেবে দেখেছে। এর উত্তরণ কিসে হবে আমাদের দেশে?
জুলাইয়ের অঙ্গীকার হোক সবার।
দুর্নীতিবাজ, স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায় হৃষ্টপুষ্ট হবার আগেই,
জুলাইয়ের চেতনায় করে দিতে হবে ম্যাসাকার।
সন্তান হারা মায়ের কান্না আর নয়।
ছেলে হারা বাবার আর্তনাদ চলবে আর কত কাল!
ভাই হারানো বোনের গগন বিদারিত চিৎকার,
থামিয়ে দিতে হবে জুলাইয়ের চেতনায়।
দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতা-কর্মী,
ছাত্র-জনতা, মেহনতি জনগোষ্ঠীর –
আর যাবে কত প্রাণ?
জুলাইয়ের চেতনা পুঁজি করার মানসিকতা,
চেতনা বিক্রি করার দিন-
অঙ্কুরেই করে দিতে হবে নির্মূল।
রক্তাক্ত জুলাই হোক,দেশ গড়ার রক্তিম প্রত্যয়।