প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুরান ঢাকার যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি এমপি হামিদুর রহমানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬

ঢাকা-৭ আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং তীব্র যানজট নিরসনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য  হামিদুর রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-এর সভাপতিত্বে লালবাগে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হামিদুর রহমান পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করেন। তিনি বলেন, “পুরান ঢাকার যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই এলাকাকে নিরাপদ রাখতে মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশকে কঠোর ও আপসহীন হতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। যেকোনো জটিল সমস্যা বা জনদুর্ভোগের বিষয় দ্রুত সমাধানের লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল ও তৎপরতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জনগণের সহায়তায় পুরান ঢাকাকে অপরাধমুক্ত ও যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার অঙ্গীকার করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের এডিসি, এসি এবং কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জবৃন্দ (ওসি), ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা