প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাজেট বক্তৃতায় প্রশংসায় ভাসছেন এমপি হামিদুর রহমান হামিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬

ঢাকা-৭ আসনের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং নির্বাচনী এলাকার টেকসই উন্নয়নে জাতীয় সংসদে জোরালো ভূমিকা পালন করছেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় নিজের নির্বাচনী এলাকার গ্যাস সংকট, বুড়িগঙ্গা নদীর দূষণ রোধ ও তীব্র যানজট নিরসনের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। তার এই জনবান্ধব উদ্যোগের ফলে এলাকাবাসী ও স্থানীয় শিল্পোদ্যোক্তাদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।

বাজেট আলোচনায় এমপি হামিদুর রহমান হামিদ স্থানীয় শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা-৭ এলাকাটি বাণিজ্যিক ও শিল্প-কারখানার প্রাণকেন্দ্র। গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলছে। একইসঙ্গে জনবহুল এই এলাকায় যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও বিকল্প যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়ে তিনি বলেন, বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার ঐতিহ্য ও প্রাণের স্পন্দন। এই নদীকে দূষণমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে আমি ব্যক্তিগতভাবে বদ্ধপরিকর।  এছাড়া পুরনো ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সংস্কারের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের স্বপ্নও তিনি তার বক্তৃতায় তুলে ধরেন।

সাংসদের এমন সাহসী ও গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানিয়ে ‘দে-ছুট’ ভ্রমণ সংগঠনের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম বলেন, সাংসদ হামিদুর রহমানের এই উদ্যোগ ঢাকার ঐতিহ্য ধরে রাখতে এবং পরিবেশ রক্ষায় মাইলফলক হয়ে থাকবে। তার মতো জনদরদী প্রতিনিধির হাত ধরেই পুরনো ঢাকার হারানো ঐতিহ্য ফিরে পাওয়া সম্ভব।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো নিয়ে সংসদে এভাবে সোচ্চার হওয়ার নজির বিরল। একজন সাধারণ মানুষ হিসেবে তার এই সক্রিয়তা এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। ব্যবসায়ীরাও মনে করছেন, শিল্পকারখানায় গ্যাস সংকট নিরসনের দাবিটি স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক হবে।

বিশ্লেষকদের মতে, নির্বাচিত হওয়ার পর থেকেই জনস্বার্থকে প্রাধান্য দিয়ে যেভাবে হামিদুর রহমান হামিদ কাজ করে যাচ্ছেন, তা এলাকাবাসীর প্রত্যাশা পূরণে নতুন মাত্রা যোগ করেছে। তার এই সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা-৭ আসনের চিত্র দ্রুত বদলে যাবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা