প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোসলে নেমে ইনানী সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রায় ২২ ঘণ্টা পর রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামুর পেচারদ্বীপের রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

নিখোঁজের সময় সায়েমের সঙ্গে থাকা তার বন্ধু আরমান জানান, তারা দুজন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে সায়েম হঠাৎ স্রোতের টানে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা, বিচকর্মী এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শনিবার তাকে খুঁজে পাওয়া যায়নি।

সমুদ্রে গোসলের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টের লাইফগার্ড কর্মরত এলাকার বাইরে গোসলে না নামার আহ্বানও জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা