প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে তালহা স্পিনিং লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে সড়কের দুইপাশের শতশত যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলাধীন এমসি বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

জানা গেছে, কারখানাটিতে শ্রমিকদের গত মে মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়ে আসছে। এ নিয়ে কারখানা ছুটির পর শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এসময় শ্রমিকরা বেতন চেয়ে কারখানার ভেতর আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে তারা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশেই যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২:২৭ মিনিট) শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।

সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম, মালেক মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক বলেন, আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। আর মালিকপক্ষ আমাদের বেতন দিতে গেলেই তাদের কারখানায় লোকশান দেখায়। গত কয়েকদিন ধরে আমাদের বেতন দেবে বলে যাচ্ছে; এখনো খবর নেই। আমরা বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত আনুমানিক ১০ টা থেকে শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে সুরাহা করার চেষ্টা করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা