জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঋণ খেলাপি, মুতা বিয়ে, পরকীয়া এবং মামুনুল হককে নিয়ে বক্তব্য-পাল্টা বক্তব্য দিয়ে সংসদে উত্তেজনা ছড়িয়েছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বিরোধী দলের সদস্যরা সংসদকে ‘ঋণ খেলাপিদের সংসদ’ বলে আখ্যায়িত করলে সরকারি দলের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের শুরুতেই মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিন ও পর্দা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে আলোচনা। অধিবেশনে ‘জুলাই যোদ্ধা’দের চিকিৎসা, কৃষকদের জন্য বরাদ্দ, স্পিকারের মর্যাদা, ইসলামী ব্যাংক প্রসঙ্গ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। ফলে অর্থনৈতিক আলোচনার গণ্ডি ছাড়িয়ে নানা রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সরগরম হয়ে ওঠে সংসদ।
আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের বাজেট অধিবেশের ১০ম দিনে মুলতবি অধিবেশন বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকলেও তিনি আজ কোন বক্তব্য রাখেননি।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এই সংসদ ঋণ খেলাপিদের। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সলাহ উদ্দিন আহমদ বলেন, এখানে যারা আছেন, কেউ ঋণখেলাপি নন। পাশাপাশি রুমিন ফারহানার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানানো হয়। অপরদিকে বক্তব্য এক্সপাঞ্জ না করার পক্ষে বক্তব্য দেয় বিরোধীদল। পরে বক্তব্য যাচাই করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাজেট আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে, বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এরসঙ্গে যদি আপনি অবলোকন পুনঃ তফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে অর্থাৎ পেন্ডিং মামলা হিসেবে যেটা এখনো খাতায় তোলা হয় নাই, সেটা যদি আমরা যোগ করি এই পরিমাণ গিয়ে দাঁড়াবে ১১ লাখ কোটি টাকা। যেটা মোট ঋণের ৫৯.৭৩ শতাংশ। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না।
রুমিন ফারহানার এই বক্তব্য একপাঞ্জ করার দাবি জানান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেন, আমরা অনেকেই অবচেতন মনে হোক, সচেতন মনে হোক এমন কিছু কথা সংসদে উচ্চারণ করি, যা আমাদের মর্যাদাকে খাটো করে। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য আবু তালেব (মূলত বক্তব্য দিয়েছেন ব্যরিস্টার রুমিন ফারহানা) উনি এক জায়গায় বলেছেন, ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে….এই যে ‘ঋণ খেলাপিদের এই সংসদ’ — এই শব্দ কোথা থেকে পেলেন? তখন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাননীয় সদস্য এটা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য বলেননি। আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন।