কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নৈতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার মতে, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং করদাতাদের মধ্যে বড় ধরনের বৈষম্য বাড়ায়।
শুক্রবার (১২ জুন) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ প্রতিষ্ঠানটির আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে ফাহমিদা খাতুন উল্লেখ করেন, নৈতিকতার অবক্ষয় ও সৎ করদাতাদের প্রতি অন্যায়। অন্যায্য বা অপ্রদর্শিত উপায়ে অর্জিত অর্থ নামমাত্র কর দিয়ে বৈধ করার নিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সিপিডির এই নির্বাহী পরিচালক আরও বলেন, এই নীতি সৎ ও নিয়মিত করদাতাদের কর প্রদানে নিরুৎসাহিত করে, যা দেশের দীর্ঘমেয়াদি কর সংস্কৃতির জন্য ক্ষতিকর।