প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বন্দরে পণ্য খালাসে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬

দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ২৪টি স্থলবন্দর, ৩টি আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর এবং অন্যান্য নৌবন্দর মিলিয়ে প্রায় ৩১টি প্রবেশপথ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হচ্ছে।

তবে, আমদানিপণ্য খালাসে দীর্ঘসূত্রতা, কনটেইনার জট এবং অতিরিক্ত ব্যয় নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে ওষুধের কাঁচামাল, খাদ্যপণ্য, রাসায়নিক, প্রসাধনী, সার ও বিভিন্ন শিল্প কাঁচামালের ক্ষেত্রে মান পরীক্ষা ও গুণগত সনদ পেতে বিলম্ব হওয়ায় পণ্য খালাস প্রক্রিয়া আটকে যায়। নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কাস্টমস ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো ছাড়পত্র দেয় না। ফলে দিনের পর দিন কনটেইনার বন্দরে পড়ে থাকে; এতে ডেমারেজ, স্টোরেজ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় ক্রমাগত বাড়তে থাকে।

ব্যবসায়ীদের দাবি, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে সরকারি পরীক্ষাগারের প্রতিবেদনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সীমিত সক্ষমতা, যন্ত্রপাতির সংকট এবং নমুনার অতিরিক্ত চাপের কারণে পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে শুধু ব্যবসার খরচই বাড়ে না, বন্দর ও টার্মিনালে কনটেইনার জটও তীব্র আকার ধারণ করে।

দেশের বন্দরগুলোতে আমদানিকৃত খাদ্য, ওষুধ ও রাসায়নিক পণ্যের মান পরীক্ষায় সরকারি ল্যাবরেটরির দীর্ঘসূত্রতায় ব্যবসায়ীদের আমদানি ব্যয় ও ডেমারেজ ক্রমাগত বাড়ছে। এই জটিলতা ও কনটেইনার জট কমাতে আগামী বাজেটে আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি ল্যাবরেটরির পরীক্ষার প্রতিবেদন গ্রহণের আইনি সুযোগ রাখা হচ্ছে। ফলে দ্রুত পণ্য খালাস সম্ভব হবে এবং ব্যবসার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে

এমন বাস্তবতায় আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বীকৃত বেসরকারি পরীক্ষাগারের (ল্যাবরেটরি) সনদ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি পরীক্ষাগারের পাশাপাশি নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী বেসরকারি ল্যাবরেটরির পরীক্ষার প্রতিবেদন গ্রহণের বিধান যুক্ত হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বন্দরের জট কমবে, পণ্য খালাস দ্রুত হবে এবং ব্যবসার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বর্তমানে খাদ্যপণ্য, রাসায়নিক, ওষুধের কাঁচামাল, ভোজ্যতেল, সার, প্রসাধনী, বৈদ্যুতিক পণ্যসহ বহু ধরনের আমদানিপণ্য খালাসের আগে মান পরীক্ষা বা গুণগত সনদ বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে নমুনা সংগ্রহ করে সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পণ্য ছাড় হয় না। ফলে কনটেইনার দিনের পর দিন বন্দরে পড়ে থাকে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে আগামী বাজেটে সরকারি পাশাপাশি বেসরকারি ল্যাবরেটরির রিপোর্টও আমলে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। তবে, সে ক্ষেত্রে ল্যাবরেটরিটিকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্দিষ্ট মানদণ্ডের হতে হবে।

আমদানিকারক দেশে পণ্য আনার পর বন্দরে কাস্টমস কর্তৃপক্ষের কাছে প্রথমে ‘বিল অব এন্ট্রি’ দাখিল করেন। এরপর কাস্টমস ঝুঁকি মূল্যায়ন করে পণ্য পরীক্ষার প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করে। কিছু কিছু ক্ষেত্রে কেবল নথিপত্র যাচাই করেই পণ্য ছাড়পত্র দেওয়া হয়। তবে খাদ্য, রাসায়নিক, কৃষিপণ্য, ওষুধ, প্রসাধনী, বৈদ্যুতিক সরঞ্জাম ও শিল্প কাঁচামালের ক্ষেত্রে পরীক্ষাগারের সনদ আবশ্যক। সে ক্ষেত্রে পণ্যের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা