প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল, এমডি আবেদুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুন, ২০২৬

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসানকে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।

নিয়োগপ্রাপ্ত দুজনই দীর্ঘদিন বেসরকারি ব্যাংক ও আর্থিক খাতে কাজ করেছেন। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান এর আগে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, নতুন এমডি আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত রয়েছেন।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা