প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডেঙ্গুর রূপ ভয়াবহ, হতে পারে রক্তক্ষরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে অত্যন্ত ভয়াবহ, যার নাম ‘হেমোরেজিক’। এই ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আগে থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

এসময় ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিন পর থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, পরিদর্শনের সময় যে প্রতিষ্ঠানেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি। দক্ষিণ সিটির একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হতে হবে। উভয় পক্ষ সমানভাবে দায়িত্ব পালন করলেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা