প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি হচ্ছেন কে ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হতে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সাইপ্রাস। মর্যাদাপূর্ণ এই পদের জন্য বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের পক্ষে দেশটির বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপন ব্যালটে সদস্যরাষ্ট্রগুলোর ভোটে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটতে পারে সভাপতির চেয়ার, সেজন্য ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংস্থাটির এক বছর মেয়াদের জন্য পরবর্তী সভাপতি নির্বাচনে আগামীকাল মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, একটি বিশেষ সমীকরণে এই ভোটের ফলাফল নির্ধারণ হতে পারে। সেটি হলো— ‘রেসিপোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট’ (একে অপরকে ভোট প্রদানের জন্য পারস্পরিক সাহায্য ও সহযোগিতামূলক চুক্তি)। এই পারস্পরিক প্রতিশ্রুতি আদায়ে বাংলাদেশ ও সাইপ্রাসের প্রার্থীর মধ্যে যিনি এগিয়ে থাকবেন, তারই ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মর্যাদাপূর্ণ সভাপতি পদে আগামীকাল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের পক্ষে বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস লড়ছেন। মাত্র তিন মাসের প্রচারণায় বাংলাদেশ ‘গ্লোবাল সাউথ’ ও মুসলিম দেশগুলোর ভোট টানতে জোর কূটনৈতিক তৎপরতা চালালেও, ১০ বছর ধরে প্রচারণা চালানো সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশের এই ভোটের লড়াই বেশ তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে

লড়াইটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে ঢাকা, নিউইয়র্ক ও ওয়াশিংটনে কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিক বলেছেন, বাংলাদেশ নাকি সাইপ্রাসের প্রার্থী জিতবেন, তা নিশ্চিত করে বলা দুরূহ। দুই প্রার্থীরই জেতার সামর্থ্য আছে এবং যে কেউ হতে পারেন ৮১তম অধিবেশনের নতুন সভাপতি।

ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ইতোমধ্যে ৬০টিরও বেশি ‘রেসিপোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট’ আদায় করতে সক্ষম হয়েছে। এর মধ্য থেকে হয়তো দু-চারটি ভোট হাতছাড়াও হতে পারে।

আঞ্চলিক পালাক্রমে দায়িত্ব পালনের পদ্ধতি অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত। বাংলাদেশ ও সাইপ্রাস একই গ্রুপ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে; তবে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য।

জাতিসংঘ সাধারণ পরিষদ ও এর বিভিন্ন কমিটিতে নির্বাচন ও প্রতিনিধিত্বের সুবিধার্থে বৈশ্বিক সদস্য রাষ্ট্রগুলোকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাঁচটি আঞ্চলিক গ্রুপে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো— আফ্রিকান গ্রুপ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ, পূর্ব ইউরোপীয় গ্রুপ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় গ্রুপ এবং পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য গ্রুপ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা