প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের কাজ নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা। 

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বস্তির ঈদ শেষে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করাটা অস্বস্তির পরিস্থিতি তৈরি করবে কি না- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকেই যারা আমদানি-নির্ভর দেশ তারা কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে দাম বাড়িয়ে চলেছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের জানা আছে। অন্যরা দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দাম পুরনো জায়গায় ধরে রেখেছে। যদিও আমরা আমদানি-নির্ভর। আমাদের জ্বালানি আমদানি করে চলতে হয়।

মন্ত্রী বলেন, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমদানি ক্ষমতার ওপর ভর করেই চলতে হবে। অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে, যে পরামর্শক কমিটির পরামর্শে সরকার চলছে।

তিনি বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে। তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায়নি। আবার সংকট এখনো কাটেনি। আমাদের আমদানি করেও চলতে হবে। এইসব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা