জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে। বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতাপেটা খাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শুক্রবার (২৯মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতো দিয়ে পিটাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতো দিয়ে পিটান। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।
বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর এ ঘটনা ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।