চর কালির আলগা। সেখানে ঈদের আনন্দ অনেক সময়ই থেমে যায় অভাবের দেয়ালে। কোরবানির মাংসের ঘ্রাণও পৌঁছায় না বহু অসহায় পরিবারের ঘরে। এমন বাস্তবতায় কুড়িগ্রামের একদল মানবিক মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন চরবাসীর সঙ্গে।
শুক্রবার (২৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাংস পেয়ে আনন্দে আত্মহারা চরাঞ্চলের অসহায় পরিবারগুলো।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী প্রমুখ।
জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের অনেক মানুষ ঈদের দিনেও কোরবানির মাংস খেতে পারেন না। তাদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, নদীভাঙন আর দারিদ্র্যের কারণে চরের মানুষের জীবন অনেক কষ্টের। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অসহায় মানুষ ঈদের আনন্দ অনুভব করতে পারছেন।