২০০৬ সালে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বদলি নেমেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন এবং একটি অ্যাসিস্টও ছিল তার। ওই আসরে ১৯ নম্বর জার্সি পরে খেলেন মেসি। ১০ নম্বর জার্সি ছিল হুয়ান রোমান রিকুয়েলমের গায়ে। নিজের প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিলেন খুদে জাদুকর।
এর তিন বছর পর মেসি আর্জেন্টিনার লিজেন্ডারি ১০ নম্বর জার্সির মালিক হন। প্রথমবার জার্সিটি তিনি গায়ে জড়ান ২০০৯ সালে ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে। সেই শুরু। ২০১০ সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষেও ১০ নম্বর জার্সি পরেছিলেন। তারপর ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও টানা এই জার্সিতে খেলেছিলেন মেসি।
পঞ্চমবারের চেষ্টায় মেসি ১০ নম্বরেই আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতান। আগামী আসরে তার নেতৃত্বেই ট্রফি ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। এবারও ১০ নম্বর জার্সিতে খেলবেন মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে রেকর্ডসংখ্যক পঞ্চমবার এই জার্সি পরে খেলবেন তিনি। পেছনে ফেলবেন ডিয়েগো ম্যারাডোনাকে। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক চারটি আসরে ১০ নম্বর গায়ে দিয়েছিলেন।
মেসিসহ বিশ্বকাপ স্কোয়াডের প্রত্যেক সদস্যের জার্সি নম্বর প্রকাশ করা হয়েছে। গোলরক্ষক হুয়ান মুসো ১ নম্বর, লিওনার্দো বালের্দি ২ নম্বর, নিকোলাস তাগলিয়াফিকো ৩ নম্বর, গঞ্জালো মন্তিয়েল ৪ নম্বর, লেয়ান্দ্রো পারেদেস ৫ নম্বর, লিসান্দ্রো মার্তিনেস ৬ নম্বর, রদ্রিগো দে পল ৭ নম্বর, ভ্যালেন্তিন বার্কো ৮ নম্বর এবং জুলিয়ান আলভারেস ৯ নম্বর জার্সি পেয়েছেন।
অন্যদিকে জিওভানি লো সেলসো ১১ নম্বর, জেরোনিমো রুলি ১২ নম্বর, ক্রিস্তিয়ান রোমেরো ১৩ নম্বর, এসেকিয়েল পালাসিওস ১৪ নম্বর, নিকোলাস গঞ্জালেস ১৫ নম্বর, থিয়াগো আলমাদা ১৬ নম্বর, জিউলিয়ানো সিমিওনে ১৭ নম্বর, নিকো পাজ ১৮ নম্বর, নিকোলাস ওতামেন্দি ১৯ নম্বর এবং আলেক্সিস মাক অ্যালিস্টার ২০ নম্বর জার্সি পরে খেলবেন। জোসে মানুয়েল লোপেজ ২১ নম্বর, লাউতারো মার্তিনেস ২২ নম্বর, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ২৩ নম্বর, এনজো ফার্নান্দেজ ২৪ নম্বর, ফাকুন্দো মেদিনা ২৫ নম্বর এবং নাহুয়েল মলিনা ২৬ নম্বর জার্সি বরাদ্দ পেয়েছেন।