প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুঃ ঘটনার তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে, ২০২৬

ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল এক ও দুই দিন বয়সী।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের যেই পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে সেখানে ছয় শিশু ও ১১ জন মা ছিলেন।

আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার (২৮ মে) সকাল ছয়টার সময় দায়িত্বরত নার্স দেখেছে (মায়েরাও নার্সকে বলেছে) শিশু অসুস্থ। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউ-তে নেওয়ার পর তারা দুই শিশুকে মৃত অবস্থায় পায়। চারটি শিশু খুবই ক্রিটিকাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পোস্ট অপারেটিভ রুমে ছয় শিশুসহ ১১ জন মা ছিলেন। ঠান্ডা অনুভব করায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন।

তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।

ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা