প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাবতলীতে এখনও পাওয়া যাচ্ছে দূরপাল্লার বাসের টিকিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ, যার ফলে সোমবার সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দূরপাল্লার বাসগুলো একের পর এক গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন পরিবহন কর্মীরা। 

তবে ঈদযাত্রার চিরচেনা ভিড় থাকলেও গাবতলীর চিত্র কিছুটা ভিন্ন; কিছু কিছু রুটের নামী পরিবহনে ‘আসন খালি নেই’ প্ল্যাকার্ড ঝুললেও, অধিকাংশ গাড়িতেই এখনও তাৎক্ষণিক টিকিট ও ফাঁকা আসন মিলছে। ফলে বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতেই টিকিট কেটে গন্তব্যে রওনা হতে পারছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৫ মে) গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ঘরমুখো মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছেন। যাত্রীদের সামাল দিতে এ সময় পরিবহন শ্রমিকদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়ের মাঝে কোনো কোনো পরিবহন কর্মীকে হাঁকডাক ছেড়ে যাত্রী ডাকতে দেখা গেছে, আবার কোনো কোনো কাউন্টারের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘আসন খালি নেই’ লেখা প্ল্যাকার্ড।

টার্মিনালের পরিস্থিতি নিয়ে ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ আলী বলেন, আমাদের অধিকাংশ গাড়ি পদ্মা সেতু দিয়ে চলাচল করে। গাবতলী থেকে আজ যে গাড়িগুলো ছাড়ছে, সেগুলোর প্রায় সবই যাত্রীপূর্ণ (ফুল লোড) হয়ে যাচ্ছে। ইতোমধ্যে যে গাড়িগুলো টার্মিনাল ছেড়ে গেছে, তার মধ্যে মাত্র দু-একটি গাড়িতে কিছু আসন ফাঁকা ছিল। তবে পরবর্তী ট্রিপের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর কিছু কিছুতে এখনো সিট খালি আছে।

এস বি সুপার ডিলাক্স গাড়ির কাউন্টার মাস্টার আলাল বলেন, আজকে কোনো বাসে সিট খালি নেই। তবে আগামীকালের গাড়ির আসন ফাঁকা আছে।

গোল্ডেন লাইন পরিবহনের কর্মী আলী আজগর বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ৩০টির মতো গাড়ি গেছে। অধিকাংশ গাড়ি যাত্রীপূর্ণ (ফুল লোড) ছিল। সারাদিনে আরও অন্তত ১০টির মতো গাড়ি আছে। সেগুলোতেও অলরেডি বুকড।

কথা হয় রংপুরগামী যাত্রী নজরুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, কাউন্টারে এসে টিকিট পেয়েছি, তেমন কোনো সমস্যা হয়নি। আশা করছি ভালোভাবে যেতে পারবো।

পাবনাগামী যাত্রী আমিনুল ইসলাম বলেন, যে বাসে যেতে চেয়েছিলাম, সেটার টিকিট শেষ। পরে অন্য বাসের টিকিট কিনলাম। এখনো পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা