প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জলাবদ্ধতায় নাকাল উত্তর তালবাগবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে, ২০২৬

সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় চলাচলের পথ। সেই সঙ্গে ড্রেনের ময়লা পানি উপচে উঠে,সৃষ্টি হয় মারাত্মক জলাবদ্ধতা। এরকম করুণ দৃশ্য ও অসহনীয় দুরবস্থা প্রতিবছরের মত এবারো, বৃষ্টির মৌসুম পুরোপুরিভাবে শুরু হবার আগেই ভোগান্তি স্থানীয় তালবাগবাসীর।

জলাবদ্ধতার ফলে এলাকাবাসী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও চরম বিপাকে। ভোগান্তির শিকার এলাকার ক্ষুদ্র দোকানীরাও। উত্তর তালবাগের বহু বাড়িঘর এখন ঠিকমতো ভাড়া হয় না। ভাড়াটিয়ারা অত্র এলাকায় বসবাস করতে অনিহা প্রকাশ করে আসছে। এতে বাড়িওয়ালারা দিন দিন আর্থিক লোকসানের শিকার হচ্ছে।

বেশ কয়েকবছর যাবত আশপাশের মহল্লাগুলোতে পৌরসভা কর্তৃক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম হলেও কোন এক অদৃশ্য কারণে, উত্তর তালবাগ বাসীন্দারা অবহেলিত। বর্তমান সরকারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মুহাম্মদ সালাউদ্দিন বাবু’র একটি নিবাসও রয়েছে উক্ত ওয়ার্ডে। আরো রয়েছে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের পৈত্রিক নিবাস বাদামতলী বিলাস।

সরেজমিনে ঘুরে দেখা গেছে মহিলা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের বাবার বাড়িটির সামনেই হাঁটু সমান পানি। যা অত্যন্ত পরিতাপের বিষয়। উক্ত এলাকায় রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের নিজস্ব বাড়িঘর থাকা সত্বেও, উত্তর তালবাগ নিবাসীরা জলাবদ্ধতার দরুণ চরম বঞ্চনার শিকার। যাকে এক কথায় বলা যায়,বাত্তির নীচে অন্ধকার।

বিশেষ করে এ ও ই ব্লকের রাস্তার দশা বেহাল। উত্তর তালবাগ বাড়ির মালিক সমিতির প্রাণের দাবি আসছে বাজেটে উত্তর তালবাগের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার সহ ভাঙ্গাচোরা সড়ক মেরামতের জন্য সাভার পৌর কর্তৃপক্ষ বিশেষ নজর দিবে। প্রতিবেদকের সঙ্গে উত্তর তালবাগ বাড়ি মালিক সমিতির সভাপতি মাসুদ রানা ও উপদেষ্টা মাকসুদুর রহমান বিপুলের সঙ্গে কথা হয়। উনারা জানান পৌরসভার ট্যাক্স, ভ্যাট, জমির খাজনা এলাকাবাসী ঠিকঠাক মত পরিশোধ করলেও তালবাগ এলাকা অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি অবহেলিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা