৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়। ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাই স্কুলে এই স্মরণিীয় ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ মে) অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বিদায় দেওয়া হয় এই শিক্ষককে। এতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলালকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নানা উপহার প্রদান করেন। শেষ মুহূর্তে বিদ্যালয়ের স্কাউট সদস্য ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে ফুলের মালায় সজ্জিত করে ছাদখোলা গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ স্মরণ করেন স্যারের কঠোর শাসনের কথা, কেউ বলেন তার স্নেহ-ভালোবাসার গল্প। মুহূর্তেই পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন পরিবেশ।
মোস্তাফিজ মুরাদ নামে বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী বলেন, স্যারের আদর, শাসন আর ভালোবাসার মধ্য দিয়েই আমরা বড় হয়েছি। তিনি শুধু আমাদের পড়াশোনা শেখাননি, জীবনে চলার পথও শিখিয়েছেন। স্যারের মতো বিনয়ী ও নিবেদিত শিক্ষক সত্যিই খুব কম দেখা যায়। বিদায় পরবর্তী জীবনের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।
বিদায় বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন জহিরুল হক চৌধুরী বেলাল নিজেও। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, এই বিদ্যালয় আমার জীবনের একটি বড় অংশজুড়ে আছে। এখানেই আমি শিক্ষার্থী ছিলাম, আবার এখানেই শিক্ষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি। আজকের বিদায় আমার জন্য খুবই আবেগের মুহূর্ত। এই বিদ্যালয় যেন আরও এগিয়ে যায় এটিই প্রত্যাশা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, বেলাল স্যার শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি শুধু শিক্ষক নন, বিদ্যালয়ের উন্নয়নেও ছিলেন অগ্রণী ভূমিকার অংশীদার। তার মতো শিক্ষক সমাজের জন্য গর্বের।