নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় বিকল্প পথ হিসেবে এশিয়ান হাইওয়ে ব্যবহার করছে অধিকাংশ যানবাহন। এতে বুধবার (২০ মে) সকাল থেকে মদনপুর, কাঁচপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। যানজটের প্রভাব পড়ে সাইনবোর্ড, শিমরাইলসহ আশপাশের এলাকায়। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডেমরা-স্টাফ কোয়ার্টার সড়কেও ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার বাস দীর্ঘ সময় ধরে আটকে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
চালকদের অভিযোগ, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ যানবাহন এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসছে। এতে বাড়ছে যানজট।
এক ট্রাকচালক বলেন, “ভুলতা সড়কের অবস্থা খুব খারাপ। তাই বিকল্প পথে এসেছি। কিন্তু এখানে এসে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই সড়কটির বেহাল অবস্থার কারণে বিকল্প রুটে যানবাহনের চাপ বাড়ছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ভুলতা-গাউছিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে অতিরিক্ত যানবাহন এশিয়ান হাইওয়েতে প্রবেশ করায় মদনপুর ও কাঁচপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।