প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষক গড়ার কলেজে ‘সিট বাণিজ্য’, ছাত্রাবাসে হকাররা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬

রাজধানীর নিউমার্কেটের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) ছাত্রাবাস এখন আর শুধু আগামীর শিক্ষকদের আবাসন নয়, বরং পরিণত হয়েছে সিট বাণিজ্য, বহিরাগতদের দখল এবং নানা অনিয়মের আখড়ায়। দীর্ঘদিনের নজরদারির ঘাটতি ও প্রশাসনিক শৈথিল্যের সুযোগে সরকারি এই আবাসন ব্যবস্থায় ঢুকে পড়েছেন অছাত্র ও বহিরাগতরা। এমনকি নিউমার্কেট এলাকার কিছু হকারও সেখানে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে প্রকৃত বিএড শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট যেমন তীব্র হয়েছে, তেমনি বহিরাগতদের অবাধ চলাচলের কারণে নারী প্রশিক্ষণার্থীদের নিরাপত্তা নিয়েও চরম উদ্বেগ তৈরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের কিছু অসাধু শিক্ষার্থী পড়াশোনার নির্ধারিত সময় শেষ হলেও ইচ্ছাকৃতভাবে বিএড পরীক্ষা না দিয়ে ছাত্রত্ব দীর্ঘায়িত করেন। তাদের মূল উদ্দেশ্য, বরাদ্দ থাকা কক্ষের সিট বহিরাগতদের কাছে চড়া দামে ভাড়া বা বিক্রি করে দেওয়া। এভাবে সরকারি ছাত্রাবাসকে কার্যত সস্তার মেসে রূপ দেওয়া হয়েছে। আর এই অনিয়মকে কেন্দ্র করে একটি সক্রিয় চক্র গড়ে উঠেছে, যারা সরকারি আবাসন সুবিধা ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক ফায়দা লুটছেন।

শিক্ষার্থী, সংশ্লিষ্ট সূত্র ও গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সরকারি হোস্টেলের একাধিক কক্ষে নিয়মিত বসবাস করছেন এমন সব ব্যক্তি, যাদের কলেজের সঙ্গে কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে বিএড শিক্ষার্থীদের নামে আসন বরাদ্দ থাকলেও সেখানে থাকছেন বাইরের লোকজন। কেউ কেউ নিজে বাইরে থেকে নিজের সিট মাসিক চুক্তিতে অন্যের কাছে ‘সাবলেট’ দিয়ে দিচ্ছেন। এই পদ্ধতি দীর্ঘদিন ধরে চলায় দূর-দূরান্ত থেকে প্রশিক্ষণ নিতে আসা প্রকৃত শিক্ষার্থীদের অনেকেই সিট না পেয়ে গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ আবাসন না পেয়ে চড়া দামে বাইরে বাসা ভাড়া নিচ্ছেন।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রাবাসে মোট ৪৫০টি আসনের মধ্যে প্রায় ২০০টি আসনই দীর্ঘ ১৫-১৬ বছর ধরে অছাত্র, চাকরিজীবী ও স্থানীয় হকারদের দখলে রয়েছে। কিছু অসাধু শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে পরীক্ষা না দিয়ে ছাত্রত্ব দীর্ঘায়িত করে এবং ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের সহযোগিতায় বহিরাগতদের কাছে চড়া দামে এই সিটগুলো সাবলেট দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বর্তমান শিক্ষার্থী জানান, কলেজের হোস্টেলগুলোর একটি বড় অংশ কার্যত সস্তা মেসের মতো পরিচালিত হচ্ছে। আসন ধরে রাখতে ইচ্ছাকৃতভাবে বিএড পরীক্ষা না দিয়ে শিক্ষাবর্ষ দীর্ঘায়িত করার মাধ্যমে ছাত্রত্ব বজায় রাখা হয়, যেন হোস্টেলের আসন হাতছাড়া না হয়। পরে সেই সিট বহিরাগতদের কাছে চড়া দামে বিক্রি করা হয়।

বিএডের একজন শিক্ষার্থী বলেন, নতুন ভর্তি হওয়া অনেকেই সিটের জন্য আবেদন করেও পান না। যারা পান, তাদেরও একেকটি কক্ষে গাদাগাদি করে থাকতে হয়। অথচ একই সময়ে কিছু কক্ষে বহিরাগতরা দীর্ঘদিন ধরে বুক ফুলিয়ে বসবাস করছেন। অনেকের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও হকারদের গভীর যোগাযোগ রয়েছে। বিষয়টি কলেজের ভেতরে দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ হলেও এত দিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, সরকারি ছাত্রাবাসে বহিরাগত অবস্থান ও সিট বাণিজ্যের বিষয়টি সম্প্রতি নজরে আসে। এরপর প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিক তথ্যে দেখা গেছে, কয়েকটি হোস্টেলে বহিরাগতদের উপস্থিতি নিয়মিত এবং তাদের অনেকেই শিক্ষার্থী নন। সরকারি আবাসিক স্থাপনায় এ ধরনের ব্যবহার নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা