প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একটি যুদ্ধ শেষ হয়েছে, আরেকটি যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৬

তারেক রহমান বলেছেন, একটি অধ্যায় শেষ হলেও এখন রাজনৈতিক অঙ্গনে নতুন এক চ্যালেঞ্জ শুরু হয়েছে—আর সেটি হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।

 

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

 

তারেক রহমান বলেন, বিএনপি জনগণের কাছে সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ চলাচলের পরিবেশ তৈরির অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও দাবি করেন, অতীতে রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন, গুম ও হত্যার মধ্যেও দলটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য থেকে সরে যায়নি। ভবিষ্যতে দেশে মুক্ত মতপ্রকাশ ও রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

 

নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, শেষ নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও আস্থা বিএনপির ইশতেহারের প্রতি সমর্থনকে প্রতিফলিত করেছে। তিনি দাবি করেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর ওই ইশতেহার এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা