দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত বা উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর।
শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়, গত এক দিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৪৬ এবং নিশ্চিত বা উপসর্গভিত্তিক আরও শত শত শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১-এ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা অঞ্চলে।
একই সময়ের হিসাবে নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৬ হাজার ৯৭৯। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৬৫৬।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ৭৪৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।