ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে উন্নত ক্যানসার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অসংখ্য রোগীকে বিদেশে যেতে হচ্ছে, আর যাদের সেই সামর্থ্য নেই তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশে আধুনিক ক্যানসার হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শনিবার (৯ মে) জাপান সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ক্যানসার রোগীর সংখ্যা অনেক হলেও উন্নত ও দক্ষ চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। বিদ্যমান কয়েকটি বিশেষায়িত হাসপাতালেও পর্যাপ্ত দক্ষতা ও সুযোগ-সুবিধার অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
তিনি জানান, জাপানের কাছে বাংলাদেশে একটি আধুনিক ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। তার মতে, শুধু হাসপাতাল নয়, একটি ইনস্টিটিউট হলে দেশে উচ্চশিক্ষা ও দক্ষ চিকিৎসক তৈরির সুযোগও বাড়বে।
বর্তমান সংসদ নিয়ে জাপানের ইতিবাচক মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। বলেন, জাপানের দৃষ্টিতে বর্তমান সংসদ আগের সংসদগুলোর তুলনায় ভিন্নধর্মী, কারণ বিরোধী দল সরকারকে সমালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতাও করছে।
এ সময় তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধাদের’ খোঁজখবর নেওয়ার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, মানবিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকেই তারা আহতদের দেখতে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন ডা. শফিকুর রহমান।