হিজবুল্লাহ দাবি করেছে, বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং দক্ষিণ লেবাননে চলমান অভিযানের জবাবে তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েলের নাহারিয়া এলাকার দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরে আরও একটি ঘাঁটিতে ড্রোন হামলার কথাও জানায় তারা।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নারী ও একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। বুধবার বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো এক হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার সময় উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সতর্কসংকেত বাজানো হয়। পাশাপাশি দক্ষিণ লেবাননের কিছু শহর ও গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও একাধিক হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বড় ধরনের হামলার ক্ষেত্রে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।