দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮মে) পৌর জামায়াতের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, বর্তমান সময়ে দেশে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা জরুরি। একটি দুর্নীতিমুক্ত এবং আদর্শিক সমাজ গঠনে জামায়াতের কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান আজাদী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায় এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক আমীর শাহিন আক্তার খান পিটার এবং কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী। সমাবেশে মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।