প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রেলপথে ‘তিতামিঠায়’ আখাউড়া ভ্রমণ

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ৭ মে, ২০২৬

গন্তব্য দেশের একমাত্র ভাইরাল জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। যাতায়াতের মাধ্যম নির্ধারণের আগেই মনের কোণে উঁকি দিল সড়ক পথের বেহাল দশার প্রতিচ্ছবি। সেই সঙ্গে প্রচন্ড যানজট, যেখানে আটকা পড়ে জনজীবন পুরো নাভিশ্বাস। তাই সড়কপথে ঝুঁকি নেওয়ার সাহস না করে বেছে নিলাম রেলপথ। আমার কাছে অন্যান্য মাধ্যমের চেয়ে রেলপথটাই সব সময়ই অধিকতর গ্রহণযোগ্য ও ভালোবাসার। তাছাড়া, ট্রেনের চাকার ছন্দে ছন্দে রেল ভ্রমণে আমার মনে আলাদা একটা অনুভূতির সঞ্চার করে। এই বয়সে দেশের বিভিন্ন প্রান্তে, বিবিধ ট্রেনে চড়ার সৌভাগ্য হয়েছে। কখনও একদম নিম্ন শ্রেণীর গাদাগাদি বগি, আবার কখনও ভিআইপি কেবিনে আরামদায়ক ভ্রমণের তিতামিঠা অভিজ্ঞতা—দুটোই আছে আমার ঝুলিতে।

অভিজ্ঞতার খাতায় আছে আরেকটা অধ্যায়ও—রেলস্টেশনের কালোবাজারিদের কাছ থেকে চড়া দামে টিকিট সংগ্রহ এবং তাদের সেই ‘দারুণ’ সার্ভিসের স্মৃতি। আজকেও সেই ধরনের এক নতুন অভিজ্ঞতা হলো। ট্রেনের নাম ‘চট্টলা এক্সপ্রেস’ (৮০২)। কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল দুপুর ২টা ১৫ মিনিটে। আমি আর আমার পরম ভ্রমণসঙ্গী বন্ধু নাজমুল হোসেন বিবেক ট্রেনটিতে উঠব বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী বিমানবন্দর স্টেশনে ট্রেনটির আসার কথা সর্বোচ্চ ২টা ৪৫ মিনিটে। অথচ ঘড়ির কাঁটা ২টা ৪৫ ছাড়িয়ে, ৩টা ছাড়িয়ে যখন ৪টা বেজে ৫মিনিট, তখন দীর্ঘ প্রতীক্ষিত সেই বাঁশি শোনা গেল। ট্রেন লেট হলো প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট! আমি পুরো হতবাক। যেখানে আজীবন ধারণা ছিল ১/২ মিনিট দেরি করলেই ট্রেন মিস, সেখানে পুরো এক ঘণ্টার উপরে বিলম্ব! বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থায় সময়ের এই ‘স্থিতিস্থাপকতা’ সত্যিই বিস্ময়কর।

অবশেষে ট্রেনে উঠে আরেক দফা ধাক্কা খেলাম। আমরা চড়া দাম দিয়ে এ/সি বগির টিকিট কেটেছিলাম একটু শান্তির আশায়। কিন্তু বগিতে পা রাখতেই দেখি, এ/সি বগিতেও প্রচুর যাত্রী দাঁড়িয়ে! একেবারে গাদাগাদি অবস্থা, যা মোটেও কাম্য ছিল না। প্রশ্ন জাগে, মানুষ কেন বাড়তি টাকা খরচ করে এ/সি কেবিনের টিকিট কাটে? অন্তত এই সাধারণ জ্ঞানটুকু তো রেল কর্তৃপক্ষের থাকা উচিত। একটু আরামদায়ক ভ্রমণ, একটু নির্জনতা, জানলার পাশে বসে ক্লান্তি দূর করা—এসবের আশাতেই তো বাড়তি অর্থ ব্যয়। অথচ আমাদের চোখের সামনেই টিটি এসে দাঁড়িয়ে থাকা সেই সব যাত্রীদের কাছ থেকে দিব্যি টিকিট বাবদ অর্থ কেটে নিলেন। মাঝখান থেকে যারা আগে থেকেই টিকিট কেটেছিলেন, সেই বৈধ যাত্রীরা নির্ধারিত সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হলেন।

এসি কোচে দাঁড়িয়ে যাত্রী নেয়া নিষেধ থাকলেও সেই নিয়ম মানছে না কেউ। ছবি- লেখকের সৌজন্যে।

এখানেই রেল মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং জোরালো দাবি জানাচ্ছি—দায়িত্বহীনতার চরম দৃষ্টান্ত স্থাপনের জন্য ০৭ মে ২০২৬ তারিখে চট্টলা এক্সপ্রেস (৮০২) চট্টগ্রামগামী ট্রেনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। শুধু তাই নয়, এ/সি বগিতে নিয়মবহির্ভূতভাবে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কাছ থেকে যে অর্থ আদায় করা হয়েছে, তা জরিমানা সহ সেই সব যাত্রীদের ফেরত দেওয়া হোক যারা আগে থেকেই সিটের টিকিট কেটেছিলেন। মানুষ এ/সি কেবিনের টিকিট কাটে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য। কারো ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকা বিনা টিকিটের যাত্রীর হাঁচি-কাশির জার্ম গায়ে মাখানোর জন্য নয়, পকেটমারের খপ্পরে পড়ার ভয়ে আড়ষ্ট থাকার জন্য নয়, কিংবা নিজের সাধের ট্রাভেল ব্যাগটা খোয়ানোর দুশ্চিন্তায় প্রতিটা মুহূর্ত কাটানোর জন্য নয়।

ব্যক্তিগতভাবে আমি ট্রেন ভ্রমণ পছন্দ করি, বেশ কয়েকটি কারণে। এর মধ্যে অন্যতম হলো ট্রেনের ক্যানটিনে তৈরি গরম গরম কাটলেট, যা আমার ভীষণ পছন্দনীয় খাবার। আরো ভালো লাগে, ধোঁয়া ওঠা চা’য়ের কাপে চুমুক দিয়ে জানালার ধারে বসে বাইরের দৌড়ে চলা প্রকৃতি দেখার আনন্দ। কিন্তু আজকের চরম বিশৃঙ্খল পরিবেশ আর পরিস্থিতির কারণে সেই সব শখ ও স্বাদ পুরোপুরি জলাঞ্জলি দিতে হলো। একজন ভ্রমণ পিপাসু মানুষের জন্য, যা ভ্রমণকালীন বিশাল এক অপূর্ণতা ও কষ্টের কারণ।

একটি আদর্শ ট্রেনে নারী ও শিশুরা নিশ্চিন্তে একপাশ থেকে অন্যপাশে যাবে, টয়লেটে যাবে—কোনো অচেনা পুরুষের গা ঘেঁষে নয়। অথচ এই চট্টলা এক্সপ্রেসে আজকের দৃশ্য ছিল সম্পূর্ণ উল্টো। একজন ভ্রমণ পিপাসু এবং দেশের অন্যতম শীর্ষ ভ্রমণ সংগঠন ‘দে-ছুট ভ্রমণ সংঘ’-এর চিফ অর্গানাইজার হিসেবে, আমি আজকের এই অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর যথোপযুক্ত বিচার ও সমাধানের দাবি করছি। বাংলাদেশের রেলপথ হোক আরামদায়ক ও নিরাপদ, দীর্ঘশ্বাসের নয়।

লেখক: মুহাম্মদ জাভেদ হাকিম, চিফ অর্গানাইজার, দে-ছুট ভ্রমণ সংঘ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা