প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফরে যাচ্ছেন। বর্ষা মৌসুমের আগে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করতেই এ সফর নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বর্ষার আগে খাল-খনন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন এবং সেখানেই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। একইভাবে ফেনীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।
মন্ত্রী জানান, সরকার পাঁচ বছরব্যাপী সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-এমপিরা নিজ নিজ এলাকায় তা এগিয়ে নিচ্ছেন।
তিনি আরও বলেন, বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত মে মাসে এই কার্যক্রম চলবে। এরপর বর্ষা শেষে নভেম্বর-ডিসেম্বর থেকে পুনরায় খাল খনন কার্যক্রম জোরদার করা হবে।
এদিন সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে সরকার শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।