দেশে মিজেলস (হাম) ও রুবেলা পরীক্ষার একমাত্র কেন্দ্র জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজি বিভাগের ল্যাব। সারা দেশ থেকে আসা হামের নমুনা এখানেই পরীক্ষা করা হয়। তবে, বর্তমানে কিটের তীব্র স্বল্পতার কারণে প্রতিষ্ঠানটি নমুনা গ্রহণ ও পরীক্ষার সংখ্যা ভয়াবহভাবে কমিয়ে দিয়েছে। ফলে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাঁচ হাজারের বেশি নমুনা ল্যাবটিতে জমে আছে। কিট সংকটের কারণে প্রতিষ্ঠানটি তাদের স্বাভাবিক পরীক্ষার হার প্রায় ৭৫ শতাংশ কমিয়ে এনেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ১১৪ প্যাকেট কিট ব্যবহার করে ১০ হাজার ৫৯৭ জনের হামের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির হাতে মাত্র ১৩টি কিট অবশিষ্ট আছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, প্রতিটি কিট দিয়ে ৯০ থেকে ৯৩টি নমুনা পরীক্ষা করা সম্ভব। সেই হিসেবে অবশিষ্ট কিট দিয়ে সর্বোচ্চ ১২০০ নমুনা পরীক্ষা করা যাবে। এই সীমাবদ্ধতার কারণে গত কয়েকদিন ধরে প্রতিদিন গুরুত্ব বিবেচনা করে মাত্র ১২০ থেকে ১৩০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। অথচ গত মাসেও এক দিনে সর্বোচ্চ ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।
দেশে হাম পরীক্ষার একমাত্র কেন্দ্র জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজি ল্যাবে তীব্র কিট সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের স্বাভাবিক পরীক্ষার হার প্রায় ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে। বর্তমানে সারা দেশ থেকে আসা ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায় ল্যাবে জমে আছে, যা ভবিষ্যৎ রোগ শনাক্তকরণ ও পরিকল্পনা গ্রহণকে বাধাগ্রস্ত করছে
বুধবার (৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল থেকে ১০টি নমুনা নিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান। তিনি বলেন, তাকে প্রতি সপ্তাহে তিন দিন নমুনা নিয়ে আসতে হয়। আজ ১০টি নমুনা এনেছেন, যার রিপোর্ট আগামী সপ্তাহে পাওয়া যাবে। সব শিশুর নমুনা নেওয়া হয় কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কিছু নমুনা নিয়ে আসা হয়, হাসপাতালে ভর্তি সবার নমুনা নেওয়া হয় না।’