মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে। শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতির পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরান এখনো একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে।
চিঠিতে তিনি দাবি করেন, এই যুদ্ধে কংগ্রেসের পূর্বানুমোদনের প্রয়োজন হয়নি। তবে ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের মতো বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।
এদিকে জিন শাহীন, যিনি সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য, ট্রাম্প প্রশাসনের কৌশলের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ৬০ দিনের সংঘাতের পরও হোয়াইট হাউসের সুস্পষ্ট কোনো কৌশল বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজুলেশন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ ৬০ দিন যুদ্ধ পরিচালনা করতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়।
একই দিনে পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া ইরানের সংশোধিত শান্তি প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো দীর্ঘমেয়াদি কোনো সমঝোতা হয়নি।