প্রকৃতি আর মানুষের মাঝে যে নিবিড় সম্পর্কের সুতো, তাকে আরও মজবুত করতে কিছু মানুষ ঘর ছেড়ে পথে নামে। কেউ নামে ব্যক্তিগত প্রশান্তির খোঁজে, কেউ বা প্রকৃতির বিশালতাকে জনসমক্ষে তুলে ধরতে। সেই ঘরছাড়া মানুষদের এক দীর্ঘস্থায়ী কাফেলার নাম ‘দে-ছুট ভ্রমণ সংঘ’। আজ এই সংগঠনটি তার সাফল্যের ৩৩তম বছরে পদার্পণ করল। তিন দশকেরও বেশি সময় ধরে একদল ভ্রমণপিপাসু মানুষের এই নিরন্তর পথচলা বাংলাদেশের পর্যটন ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক।
১৯৯৩ সালে যখন ‘ভ্রমণ’ শব্দটা আজকের মতো এত সহজলভ্য ছিল না, কিংবা ইন্টারনেটের কল্যাণে তথ্যের পাহাড় ছিল না—সেই সময়ে সাহসী তরুণ মুহাম্মদ জাভেদ হাকীমের হাত ধরে যাত্রা শুরু করে দে-ছুট। লক্ষ্য ছিল একটাই—শহরের যান্ত্রিকতাকে পেছনে ফেলে বাংলার মাটির ঘ্রাণ নেওয়া। সেই ছোট পরিসরের যাত্রা আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। বর্তমানে অনলাইনে এবং অফলাইনে হাজার হাজার মানুষ জানে দে-ছুট কেবল একটি নাম নয়, পর্যটন জগতের একটি ব্র্যান্ড।
দে-ছুটের চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকীমএই দীর্ঘ পথচলায় আমি নিজে বেশ কয়েকবার দে-ছুটের সহযাত্রী হওয়ার সুযোগ পেয়েছি। তাদের কোনো একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানে কেবল গন্তব্যে পৌঁছানো নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত এক গভীর জীবনবোধের মধ্য দিয়ে যাওয়া হয়ে যায়।
বেশ কয়েকটি অনুষ্ঠানে আমি ছিলাম স্ব-শরীরে। আর সেখানেই হয়েছিলাম শিশু। ভুলে গিয়েছিলাম আমি কে? শিশুর সারল্য কাউকে ইচ্ছাকৃত দেখাতে হয় না। পরিবেশ-পরিস্থিতি মনের অজান্তেই মন থেকে আমিত্ব ভুলিয়ে দেয়। কলাপাতায় খাওয়া, শৃঙ্খলা, আনন্দ, নেতৃত্বের প্রতি আনুগত্য দে-ছুটের এক সফরেই মিলবে সবকিছু।
দুর্গম পাহাড়ি ট্রেইল, ঝিরিপথ আর পাহাড়ের খাড়া ঢাল কিংবা সমুদ্রের উত্তাল ঢেউ কোনও কিছুই ক্লান্ত করে না এই সংঘঠনের সদস্যদের। দে-ছুট শুধু পর্যটন স্পট দেখেন না, বরং সেখানকার মানুষ, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করেন। তাদের আয়োজিত মিলনমেলাগুলোতে যেন নিজের মনের সঙ্গে মহামিলন ঘটে।
ভ্রমণে গেলে বৃক্ষ রোপন করা, দে-ছুটের নিয়মিত কাজদে-ছুট প্রথম থেকেই ‘Leave No Trace’ বা ‘পদচিহ্ন ছাড়া কিছুই ফেলে আসবো না’ নীতিতে বিশ্বাসী। প্রতিটি স্পটে তারা বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত কঠোর। খাগড়াছড়ির অজানা ঝরনা হোক কিংবা সুন্দরবনের গহীনে কোনো লোকালয়—দে-ছুট সবসময়ই নতুন নতুন ট্রেইল আবিষ্কার করে যা পরবর্তী সময়ে সাধারণ পর্যটকদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে।তারা কেবল ভ্রমণে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে বন্যাদুর্গতদের সাহায্য করা, শীতবস্ত্র বিতরণ কিংবা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
৩৩ বছর একটি সংগঠনের জন্য কম সময় নয়। এই দীর্ঘ সময়ে দে-ছুট কয়েক প্রজন্মকে ভ্রমণ করতে শিখিয়েছে। তাদের লেখা তথ্যসমৃদ্ধ অনলাইন পোর্টালে এবং জাতীয় দৈনিকে প্রকাশিত অসংখ্য ভ্রমণ কাহিনী আজ দেশের পর্যটন শিল্পের অন্যতম সম্পদ।
ভ্রমণে সেরা দে-ছুটসংগঠনের সদস্যরা মনে করেন, বাংলাদেশ মানে কেবল কক্সবাজার কিংবা সাজেক নয়; বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে রূপকথার মতো সৌন্দর্য। সেই সৌন্দর্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই দে-ছুট কাজ করে যাচ্ছে।
ভ্রমণ মানুষের সংকীর্ণতা দূর করে, হৃদয়কে বিশাল করে। দে-ছুট ভ্রমণ সংঘ ৩৩ বছর ধরে মানুষের মনে সেই বিশালতার বীজ বুনে দিচ্ছে। একজন নিয়মিত শুভানুধ্যায়ী এবং সহযাত্রী হিসেবে আমি চাই, দে-ছুট তার এই গৌরবময় অভিযাত্রা অব্যাহত রাখুক। প্রজন্মের পর প্রজন্ম যেন এই সংগঠনের ছায়ায় বসে প্রকৃতির প্রেমে পড়তে শেখে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ ক্ষণে দে-ছুটের চিফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকীম, সকল সদস্য এবং অগণিত ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পথ চলাতেই আনন্দ, আর সেই আনন্দের সঙ্গী হোক দে-ছুট।
শুভ জন্মদিন, দে-ছুট ভ্রমণ সংঘ!
লেখকঃ সাংবাদিক, ভ্রমণ পিপাসু।