প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেন

চট্টগ্রাম বন্দরে এলপিজি-এলএনজি জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘চিউ এইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে জাহাজটি বন্দরে আসে।

এর আগে বুধবার রাতেই জাহাজটির পৌঁছানোর কথা থাকলেও বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে প্রায় ১৫ ঘণ্টা বিলম্ব হয়।

এটি চলতি এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেনবাহী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সব মিলিয়ে এক মাসে দেশে এসেছে প্রায় ৭৯ হাজার টন অকটেন।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ১ হাজার ২৫০ টন অকটেনের চাহিদা রয়েছে। সেই হিসাবে এপ্রিল মাসে আমদানি হওয়া এই জ্বালানি দিয়ে দুই মাসের বেশি সময়ের চাহিদা পূরণ সম্ভব হবে।

নজরুল ইসলাম, যিনি প্রাইড শিপিং লাইন-এর ম্যানেজিং পার্টনার, জানান—বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে পারেনি, ফলে বন্দরে পৌঁছাতে দেরি হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগে থেকেই কয়েকটি জাহাজ অপেক্ষমাণ ছিল। সীমিত সংখ্যক ডলফিন জেটি থাকায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি বড় জাহাজ থেকে ছোট মাদার ভেসেলের মাধ্যমে তেল খালাস করতে হওয়ায় কার্যক্রমে সময় বেশি লাগছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সর্বশেষ আসা অকটেনবাহী জাহাজটিকে আগামী ২ মে বার্থিং দেওয়া হতে পারে।

এর আগে মঙ্গলবার হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল এবং সিঙ্গাপুরের পতাকাবাহী ‘হাফনিয়া মার্লিন’ চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা