প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জনসভায় বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এই দিনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের উপস্থিতি আশা করছে দলটি।

নজরুল ইসলাম খান জানান, সমাবেশে দেশের বর্তমান শ্রম পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা