প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্ম যার যার, নিরাপত্তা সবারঃ প্রধানমন্ত্রী

‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’— বৌদ্ধ নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর সব ধর্মই মানুষকে কল্যাণ, মানবতা ও শান্তির পথে আহ্বান করে। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে অনুসরণ করা হলে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছেন, যেখানে প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। প্রেম, অহিংসা ও সর্বজীবে দয়ার মতো মূল্যবোধও বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় আইন-কানুনের পাশাপাশি প্রতিটি নাগরিক যদি নিজ নিজ ধর্মীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে সমাজে মানবিকতা, শান্তি ও সহাবস্থান আরও শক্তিশালী হবে।

বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি পুনর্ব্যক্ত করেন—“ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। বিশ্বাসী বা অবিশ্বাসী, বাঙালি বা অবাঙালি—সবাই এই রাষ্ট্রের সমান অংশীদার।

মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় মানুষ ধর্ম নয়, বরং দেশ ও মানুষের মুক্তিকেই বড় করে দেখেছিল। তাই স্বাধীন বাংলাদেশ সবার, এখানে কেউ নিজেকে সংখ্যালঘু ভাববে না।

তিনি আরও বলেন, সরকারের রাজনৈতিক দর্শন “বাংলাদেশি জাতীয়তাবাদ”, যা দেশের সব ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা