খুব শিগগিরই নতুন একটি শক্তিশালী অস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছেন, এই অস্ত্র শত্রুপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান এমন একটি সামরিক সক্ষমতা প্রকাশ করতে যাচ্ছে, যা নিয়ে প্রতিপক্ষ গভীরভাবে চিন্তিত। তিনি ইঙ্গিত দেন, অস্ত্রটি ইতোমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
শাহরাম ইরানি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সফল হওয়ার যে ধারণা শত্রুপক্ষের ছিল, তা এখন সামরিক বিশ্লেষকদের কাছে হাস্যকর বলে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, পাল্টা অভিযানের অংশ হিসেবে ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার দাবি, এতে কিছু সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয়েছিল।
ইরানি কমান্ডারের ভাষ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।