যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। তিনি দাবি করেছেন, লেবাননের সঙ্গে বাস্তবে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে অভিযান চালিয়ে যেতে হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের হুমকি মোকাবিলা করতে হবে। তিনি ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস ও সংশ্লিষ্টদের খুঁজে বের করার কথাও উল্লেখ করেন।
ইসরায়েলি সেনাপ্রধান আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী ইসরায়েলি জনপদকে নিরাপদ রাখাই তাদের মূল লক্ষ্য এবং সেনাবাহিনী সেই অবস্থান ধরে রেখেছে। প্রয়োজন হলে দীর্ঘ সময় এ অবস্থানে থাকতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, লেবাননে চলমান হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন প্রায় ১২ লাখ মানুষ।