সরকার পতনের হুমকি দেওয়া হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল যদি সরকারকে পতনের হুমকি দেয়, তাহলে রাজনৈতিকভাবেই তাদের মোকাবিলা করা হবে। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।
তিনি আরও বলেন, অতীতে যেভাবে আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, প্রয়োজনে একইভাবে রাজপথে অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে তিনি সংসদ নেতার নির্দেশনার অপেক্ষার কথাও উল্লেখ করেন।
বিরোধী দলের বক্তব্য নিয়েও সমালোচনা করেন ইশরাক হোসেন। তার মতে, সংসদের ভেতরে গঠনমূলক বক্তব্য দিলেও বাইরে দেওয়া কিছু বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যার প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ছে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকট নিয়ে ইতিবাচক আলোচনা হলেও সংসদের বাইরে বিরোধী নেতাদের বক্তব্যে জনগণকে উসকানি দেওয়া হচ্ছে এবং স্বল্প সময়ের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে।