জাতীয় সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি লিফলেট পাওয়া যাওয়ার প্রসঙ্গ তুলে কঠোর সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, লিফলেটে বিরোধী দলের সংস্কার প্রস্তাব তুলে ধরা হলেও সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত। বিশেষ করে ‘জুলাই সনদ’-এর কোনো উল্লেখ না থাকায় তিনি এটিকে সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণভোট প্রসঙ্গে দেওয়া বক্তব্যে মূল অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যায়। এ প্রেক্ষিতে তিনি জামায়াতে ইসলামীর অবস্থানকে “আধা প্রেম, আধা প্রতারণা” হিসেবে উল্লেখ করেন।
লিফলেটের ভাষা ও উপস্থাপন নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি ব্যঙ্গ করে বলেন, এটি পড়তে গিয়ে তার ‘৩৩ নম্বরে পাস’ সংক্রান্ত পুরনো ধারণার কথা মনে পড়েছে—যেখানে মানদণ্ড কমিয়ে মূল্যায়নের ইঙ্গিত দেওয়া হয়। তার মতে, লিফলেটটি এমনভাবে লেখা হয়েছে যেন বিষয়বস্তুর গভীরতা ও স্পষ্টতা নিয়ে সন্দেহ তৈরি হয়।