প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। অতিবৃষ্টির কারণে যেসব কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাদের চিহ্নিত করে টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গে পরিস্থিতি মোকাবিলার বিষয়ে আলোচনা করেছেন। ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে।
বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আগামী তিন মাস ধারাবাহিকভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে।