মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে চরম সংকটে রয়েছে এবং তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান ‘ধ্বংসের মুখে’ এবং পরিস্থিতি সামাল দিতে তারা দ্রুত প্রণালিটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। একইসঙ্গে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এমন দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া, সামুদ্রিক অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত প্রশমনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সেখানে ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়। তবে প্রস্তাবটি নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানা গেছে।
প্রস্তাবে ইরান যুক্তরাষ্ট্রকে তাদের বন্দরগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত বা স্থায়ী করার কথাও বলা হয়েছে।
তবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো—ইরান সামুদ্রিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পারমাণবিক আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে। এতে তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় এটি ওয়াশিংটনের জন্য একটি বড় কৌশলগত ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি ঘিরে এই কূটনৈতিক টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে।