ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি নিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হলে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করবে তেহরান। তবে তা ইরানের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল মেনে চলার শর্তে হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে এবং ইরান তা স্বীকার করে। তবে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া উত্তেজনা ৮ এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে থেমেছে।
রেজা তালায়ি নিক আরও জানান, আগ্রাসন পুরোপুরি বন্ধ হলে এবং ইরানের নিরাপত্তা বিঘ্নিত না হয় এমন প্রটোকল নিশ্চিত করা গেলে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। যুদ্ধ-পরবর্তী সময়ে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি আইনগত কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে ইরান সরকার ও পার্লামেন্ট। প্রস্তাবিত ব্যবস্থায় ইসরায়েল-সম্পৃক্ত জাহাজের ওপর নিষেধাজ্ঞা এবং শত্রুভাবাপন্ন দেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জাহাজের ওপর কড়াকড়ি আরোপ করা হতে পারে।
পাশাপাশি, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে এই প্রণালিতে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি স্বাভাবিক করতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সমঝোতায় পৌঁছানো জরুরি।