ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি–এর সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন পুতিন।
তিনি বলেন, ইরানি জনগণ বর্তমান ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং অঞ্চলটি শিগগিরই স্থিতিশীলতার পথে ফিরবে বলে তিনি আশা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবও উঠে আসে। এর আগে মস্কো ওই হামলার নিন্দা জানিয়েছিল এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছিল।
ক্রেমলিন দীর্ঘদিন ধরেই উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব দিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্র এখনো এ প্রস্তাবে সাড়া দেয়নি।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পুতিন বৈঠকে বলেন, “আমরা এমন সব উদ্যোগ নেব যাতে এই অঞ্চল এবং জনগণের স্বার্থ রক্ষা করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।” তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন এবং তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইরান ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। গত বছর দুই দেশ ২০ বছরের একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। পাশাপাশি রাশিয়ার সহযোগিতায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন ইউনিট নির্মাণ চলছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরান রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে বলে জানা যায়।
বৈঠকে আরাগচি বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন এবং সংকটকালে মস্কোর সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র: রয়টার্স