জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদী কাঠামোর উপাদান এখনো বিদ্যমান। তিনি বলেন, ‘হাসিনাকরণ’ বা ‘আওয়ামীকরণ’ বন্ধ না হলে কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে প্রকৃত সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের সময় বহু ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং বলেন, বর্তমান সংসদ সেই আন্দোলনের ঐক্যবদ্ধ শক্তির প্রতিফলন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল নীতি-নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করা। তবে বাস্তবে এখনো সেই পরিবেশ পুরোপুরি তৈরি হয়নি। অনেক অর্ডিন্যান্স যথাযথ আলোচনা ছাড়াই পাস হয়েছে উল্লেখ করে তিনি সংসদকে কার্যকর নীতিনির্ধারণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সেবা খাতের দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, হাসপাতালে বেড পেতেও সুপারিশ করতে হয়, যা প্রাতিষ্ঠানিক দুর্বলতারই প্রমাণ। তিনি প্রশাসনিক কাঠামো শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার নিয়ে সতর্ক করে তিনি বলেন, বিভেদ সৃষ্টির লক্ষ্যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
আঞ্চলিক ভূ-রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে শরণার্থী সংকট তৈরির চেষ্টা হতে পারে, যেমন অতীতে রোহিঙ্গা সংকটে দেখা গেছে। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে।
এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের জীবনরেখা হলেও শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। জাতীয় স্বার্থে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন।
শেষে তিনি বলেন, রাষ্ট্রকাঠামোর দুর্বলতা দূর করে গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। নীতিগত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।