প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না সেখানেঃ সংসদে স্পিকার

এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না সেখানেঃ সংসদে স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে। বজ্রপাতের ঘনত্বের তথ্য তুলে ধরার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, “এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না সেখানে।

সোমবার (২৭ এপ্রিল) তার সভাপতিত্বে সংসদের অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তার নির্বাচনী এলাকার চারটি উপজেলা হাওড়বেষ্টিত হওয়ায় কৃষক ও মৎস্যজীবীরা সারাবছর সেখানে কাজ করেন। কিন্তু গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে আকস্মিক বজ্রপাতে প্রায়ই প্রাণহানি ঘটে।

তিনি জানান, সম্প্রতি দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজন তার নির্বাচনী এলাকার বাসিন্দা। আন্তর্জাতিক গবেষণা সংস্থা নাসা–এর তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের হাওড় এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ২৫টির বেশি বজ্রপাত ঘটে। তিনি প্রতিটি হাওড়ে আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি জানান।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ এবং সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষ করে হাওড় ও উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি।

তিনি জানান, সচেতনতা বাড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় সাইরেন বসানোর পরিকল্পনা রয়েছে, যাতে আবহাওয়ার পরিবর্তন বুঝে কৃষকরা দ্রুত নিরাপদ স্থানে যেতে পারেন। পাশাপাশি তালগাছ রোপণ, বজ্রনিরোধক টাওয়ার স্থাপন এবং বিধিমালা সংশোধনের কাজ চলছে, যাতে বজ্রপাতে গবাদি পশু মারা গেলেও কৃষকরা ক্ষতিপূরণ পান।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের হাস্যরসাত্মক মন্তব্যে সংসদে সাময়িক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জন্ম সুনামগঞ্জে। দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের পর গত ২৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা